সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা ঈদের নামাজ, পশু কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলাম ধর্মের অন্যতম বড় এই উৎসব পালন করছেন। পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রায় ১৬ লাখ হাজি আরাফাত ময়দানে সমবেত হয়ে নামাজ, তওবা ও প্রার্থনায় সময় কাটিয়েছেন।
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি ঐতিহাসিক নামিরা মসজিদ থেকে হজের খুতবা প্রদান করেন, যা বাংলাসহ ৩৫টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি রক্ষার ওপর গুরুত্ব দেন। খুতবার পর হাজিরা নামাজ আদায় করে মুজদালিফায় রাত্রিযাপন করেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন।
হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। হাজিদের স্বস্তির জন্য পানির ফোয়ারা, ছায়ার ব্যবস্থা এবং প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।