কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও তার বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। গান শুনে আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন তিনি। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি গাড়ি ভাঙচুরের বিষয়ে জানেন না বলে জানান। তার ভাষ্য, নাসীরুদ্দীন কখন এবং কেন এসেছেন তা পুলিশ জানত না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখানে আরও পুলিশ পাঠানো হচ্ছে।
নাসীরুদ্দীনের সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্য সচিব শোভন আহমেদ বলেন, ডিম ছোড়ার পর ২০ থেকে ২৫ জন যুবক গালাগালি করে লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে। তার দাবি, কয়েকজন নেতা আহত হয়েছেন এবং ইট মেরে গাড়ির কাচ ভাঙা হয়েছে। এনসিপির কুষ্টিয়া শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী অভিযোগ অস্বীকার করে হামলার নিন্দা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।