চট্টগ্রাম জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে পুলিশ মোট ৪৪৫ জনকে আটক করেছে বলে সোমবার সকালে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র রাসেল আহমেদ। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, খেলার মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের সম্ভাব্য আড্ডাস্থলে একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ১৭টি থানা এলাকা থেকে ৩৫৪ জন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপরাধের সঙ্গে প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ অন্যান্য অপরাধের অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়।
অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পড়ালেখা, চলাফেরা, সঙ্গ লাভ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নজরদারি বাড়াতে বলা হয়। মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার বিষয়েও সচেতন করা হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত কাজের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।