স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পুলিশের মধ্যে কোনো মব ভীতি বা সহিংসতার আশঙ্কা নেই। বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।
তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রায় সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং যেখানে বাউন্ডারি ওয়াল নেই সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে, ফলে সহিংসতার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ, নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, র্যাবের নয় হাজার এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।