Web Analytics

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১৭ কোটি ৮২ লাখ টাকা। সোমবার কক্সবাজারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। ইউএনএইচসিআর সোমবার দুপুরে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউএনএইচসিআরের মাধ্যমে অর্থ ব্যয় হবে। সংস্থাটি বলেছে, বৈশ্বিক মানবিক অর্থসংকট ও অনিশ্চয়তার মধ্যে বহুবর্ষী ও নমনীয় এই তহবিল সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগঝুঁকি হ্রাস এবং অন্যান্য জরুরি সেবা চালু রাখতে সহায়ক হবে। জুলিয়ান হিল বলেন, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সহিংসতার পর বাংলাদেশে আসা রোহিঙ্গাসহ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে, যাদের অধিকাংশ কক্সবাজারের ক্যাম্পে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। ২০২৪ সাল থেকে আরও দেড় লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। সংস্থাটি বলেছে, পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তাসহ মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।