রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বুধবার বঙ্গভবনে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মাদকে বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে এবং পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যকর সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
রাষ্ট্রপতি আহবানের বিজ্ঞান উৎসব, প্রতিবন্ধী ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও অন্যান্য উদ্যোগের প্রশংসা করেন। তিনি ঠাকুরগাঁওয়ের অর্থনীতি, কৃষি, দরিদ্র মানুষের কল্যাণ, শিক্ষার্থী সহায়তা ও সরকারি সেবা সহজ করতে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। সংগঠনটি দিকনির্দেশনা ও সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।