মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে তীব্র সমালোচনা করেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এক উত্তপ্ত ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, তার সমর্থন না থাকলে নেতানিয়াহু কারাগারে থাকতেন। এই ঘটনা ঘটে যখন ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান বাড়াচ্ছিল এবং বৈরুতে হামলার হুমকি দিচ্ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ্য বলেন, ‘তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ। আমি না থাকলে তুমি এত দিনে কারাগারে থাকতে। আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। লেবাননে হামলার কারণে এখন সবাই তোমাকে ঘৃণা করে। সবাই এখন ইসরাইলকে ঘৃণা করে।’
ট্রাম্প ইসরাইলের বৈরুতে হামলার পরিকল্পনা বন্ধ করেন এবং সতর্ক করেন যে এমন পদক্ষেপ ইসরাইলকে বিশ্বে আরও বিচ্ছিন্ন করবে ও ইরানের সঙ্গে মার্কিন শান্তি আলোচনাকে বিপদে ফেলবে। মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প লেবাননের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যার জন্য পুরো ভবন ধসিয়ে দেওয়ার কৌশলের বিরোধিতা করেন। ফোনালাপের পর এক ইসরাইলি কর্মকর্তা নিশ্চিত করেন, বৈরুতে হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
পরে ট্রাম্প ফোনালাপটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন এবং জানান, ইসরাইলি সেনারা বৈরুতের দিকে যাবে না। নেতানিয়াহু বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করে বলেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে দক্ষিণ লেবাননে অভিযান চলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।