স্বর্ণসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান বেড়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ঢাকা কাস্টমস হাউজ। নজরদারির আওতায় দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকেও রাখা হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে কাস্টমস হাউজের কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান। এর আগে বুধবার ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
কমিশনার বলেন, সাম্প্রতিক স্বর্ণ উদ্ধারের ঘটনার পর কাস্টমস গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং অন্যান্য সংস্থাও কাজ করছে। সরকারের চোরাচালানবিরোধী কঠোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। চোরাকারবারীরা নতুন নতুন কৌশল নিলেও শক্তিশালী নজরদারির কারণে তারা ধরা পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। কাস্টমস সূত্রের তথ্য অনুযায়ী, তিন মাসের ব্যবধানে বিমানবন্দরে তিন চালানে প্রায় ১৫০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার হয়েছে।
গত ২৮ মার্চ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণবার জব্দ করা হয়। ১৭ কেজি ৯০১ গ্রাম ২৪ ক্যারেটের ওই স্বর্ণের মূল্য প্রায় ৪৬ কোটি টাকা। ২ জুলাই একই ধরনের আরেকটি চালানে ১৮ কেজি ৭২০ গ্রাম এবং ১৯ জুলাই কার্গো ভিলেজে ফলের ক্যারোট থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ হয়। বিমানবন্দরে নিষিদ্ধ ক্রিম, মোবাইল, ল্যাপটপ ও সিগারেটও আটক হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।