রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন ফ্যাসিবাদবিরোধী রূপ নেয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা ঘটে। রাষ্ট্রপতি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকারকে এবং নির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যাঁরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।