ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। প্যারিসে রুশ দূতাবাস আনাদোলুকে বলেছে, মস্কো কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। দূতাবাসের দাবি, ‘রুশ হুমকি’র কথা বলে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর রাশিয়াবিরোধী নীতি শেষ পর্যন্ত ব্যর্থ হবে। ফ্রান্সে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭ সালের ১৮ এপ্রিল এবং প্রয়োজন হলে দ্বিতীয় দফা ২ মে হওয়ার কথা।
রুশ দূতাবাস বলেছে, পশ্চিমা দেশগুলো নিয়মিতভাবে রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে। তাদের মতে, পশ্চিমা দেশগুলো নিজেদের তৈরি রুশ হুমকির ধারণা ব্যবহার করে রাশিয়াবিরোধী নীতি গ্রহণ এবং সামরিক ব্যয় বাড়ানোর চেষ্টা করছে। দূতাবাস আরও দাবি করেছে, অতিরিক্ত সামরিক ব্যয়ে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হবে এবং বাজেট ঘাটতি ও সরকারি ঋণের বোঝা বাড়বে।
গত কয়েক মাসে ফরাসি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা রাশিয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করেছেন। ফ্রান্সের বিদেশি ডিজিটাল হস্তক্ষেপ পর্যবেক্ষণ সংস্থা ভিজিনাম জানিয়েছে, চলতি গ্রীষ্মে রাশিয়াপন্থি ম্যাট্রিওশকা ও স্টর্ম-১৫১৬ নেটওয়ার্কের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব প্রচারণায় গ্যাব্রিয়েল আতাল, এদুয়ার ফিলিপ ও রাফায়েল গ্লুকসম্যানকে লক্ষ্য করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।