পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী বন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, তিস্তা একটি বড় প্রকল্প এবং এটি একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। তিনি সরকারের বয়স মাত্র পাঁচ মাস উল্লেখ করে কিছু সময় দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে শিগগিরই মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। জেলার প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কাজ চলছে। নদীভাঙন প্রতিরোধের কাজে কোনো দলীয় বিবেচনা করা হবে না বলেও তিনি বলেন। পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।