বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৭ সালে বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ, যার জন্য প্রায় ১.১১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচটি লিজিং কোম্পানির মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। আগামী ২৯ জুলাই ঢাকার শেরাটন হোটেলে বোয়িং ও ইউএস-বাংলা যৌথভাবে এ ঘোষণা দেবে।
ইউএস-বাংলা ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায়, যাতে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ, যা অর্থনীতি, পর্যটন, রপ্তানি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।
নতুন উড়োজাহাজ পরিচালনায় বিপুলসংখ্যক পাইলট, প্রকৌশলী ও কারিগরি জনবল প্রয়োজন হবে, যা হাজারো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিদেশি এয়ারলাইন্সের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।