Web Analytics

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে ইমেইলভিত্তিক ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার ঘোষিত এই নতুন ব্যবস্থায় প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিবন্ধিত ইমেইল ঠিকানায় ওটিপি পাবেন। এটি একটি ‘বিশেষ নিবন্ধন’ প্রক্রিয়ার অংশ, যা তাদের জন্য চালু করা হয়েছে যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না।

এনবিআর জানায়, ইমেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ইমেইল পাঠিয়ে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসার পাতার কপি, বিদেশের ঠিকানা, বিদেশের ফোন নম্বর এবং দেশ ত্যাগের তারিখের প্রমাণপত্র যুক্ত করতে হবে। যাচাই শেষে এনবিআর আবেদন অনুমোদন করবে, এরপর করদাতারা ইমেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট ও ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

২০২৫–২০২৬ কর বছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন বলে এনবিআর জানিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দিতে করদাতাদের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।