প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের পর কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর গ্রামের বাসভবনে স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানে পৌঁছে দিয়েছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান তাকে বাড়িতে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল।
ওসি খালেদুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ফোর্সসহ তিনি ও সহকারী কমিশনার (ভূমি) শিক্ষককে নিরাপদে বাড়িতে পৌঁছে দেন। প্রতিবেদনে বলা হয়, আটকের খবর গণমাধ্যমে প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো ব্যবস্থা না নিয়ে তাকে অবিলম্বে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, লালন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, তিনি শুধু বলেছিলেন যে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। দশম শ্রেণির বাংলা ক্লাসের ওই আলোচনার কথা শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে বুধবার অভিভাবক ও স্থানীয়রা স্কুলে জড়ো হয়ে শাস্তির দাবি করেন; পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষককে থানায় নেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।