বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ শামীম আজাদ। সোমবার দুপুরে তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০২৪ সালের ১২ ডিসেম্বর কুয়াশাচ্ছন্ন সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর দিনগত রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আলম পারভেজ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ পরে তিন অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তারা আদালতে ছিনতাই ও ছুরিকাঘাতের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। মোট ২৭ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণের পর হত্যাকাণ্ডের ২০ মাসের মাথায় রায় হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তের বাবা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।