ন্যাশনাল ব্যাংক পিএলসি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা ব্যাংকের সব ধরনের সেবা নিতে পারবেন। ওই দিন থেকে দেশের সব শাখা ও এটিএম বুথে গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ডিজিটাল ও অনলাইন সেবাও পূর্ণমাত্রায় চালু হবে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি জনআস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি সব আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএম বুথের মাধ্যমে সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়। চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠা ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। জাহিদুল হক জানান, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।