বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধানের শীষে ভোট দিলে দেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শনিবার নির্বাচনি প্রচারের অষ্টম দিনে চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমান্যারচর ও হালকাকারা এলাকায় গণসংযোগ করেন এবং শুরুতে প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন।
কাজীর পাড়ায় এক পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি এবং এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় যেখানে ভোটাধিকার ও মানবাধিকার কেউ হরণ করতে পারবে না। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী ও এম আব্দুর রহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।