চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শি সর্বাত্মক যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নেন।
শি জিনপিং বলেন, জর্ডানসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানানো উচিত। তিনি মধ্যপ্রাচ্যে জর্ডানের অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। ফিলিস্তিন প্রশ্নে তিনি একটি সর্বাত্মক, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর পক্ষে চীনের সমর্থন জানান।
বৈঠকটি এমন সময়ে হয়েছে, যখন জর্ডান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার জোট এবং ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে কঠিন অবস্থানে রয়েছে। বৈঠকে চীন ও জর্ডান কূটনীতি, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল বিষয়ে কয়েকটি চুক্তি সই করেছে। যৌথ বিবৃতিতে দুই পক্ষ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বানও জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।