ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রামে গোপন ভার্চ্যুয়াল বৈঠক করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘বঙ্গবন্ধু মঞ্চ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে বৈঠকটি হয়। এতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন শূন্য থাকা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নানকে সভাপতি এবং আইয়ূব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য ছিল। বৈঠকে কালীগঞ্জের ১১টি ইউনিয়ন, ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন বলে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের বিপর্যয় এবং সার সংকট নিয়ে প্রচারণার তাগিদ দেওয়ার কথাও জানান। ৬০ জনের মধ্যে ৫৮ জন বৈঠকে অংশ নেন এবং চারজন মডারেটর এটি পরিচালনা করেন। পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন্ হাছান বলেন, এমন বৈঠকের তথ্য পুলিশের জানা নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।