Web Analytics

কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া এবং পরে জাল ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে মোশারফ হোসেনের বিরুদ্ধে। টাকা ফেরত ও আইনগত ব্যবস্থার দাবিতে ভুক্তভোগী ছানোয়ার হোসেন শুক্রবার ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, মোশারফ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই পাঁচখুপি গ্রামের বাসিন্দা।

ছানোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে একই প্রতিষ্ঠানে চাকরির সময় মোশারফের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় ১৪ মাস আগে কানাডায় পাঠানো, কাজ ও ভালো বেতনের আশ্বাসে তিনি মোশারফকে মোট ২ লাখ ১২ হাজার টাকা দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এর মধ্যে মোশারফের ব্যবহৃত একটি বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠানো হয় এবং ১ লাখ ৪৬ হাজার ২০০ টাকা নগদ দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, পরে দেওয়া কানাডার ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট যাচাই করে ভুয়া পাওয়া যায়। বিদেশ যেতে অনিচ্ছা জানালে আরও ৭ লাখ টাকা দাবি এবং সাত দিনের মধ্যে টাকা না দিলে আগের টাকা ফেরত না দেওয়ার হুমকির অভিযোগও রয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে মোশারফকে তার বাড়িতে পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।