ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয় বলে আবেদনে জানানো হয়। অনুসন্ধানে তাঁর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে বলে দুদক উল্লেখ করে। সংস্থাটির দাবি, তিনি ও তাঁর স্বার্থসংশ্লিষ্টরা অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন। শুনানি শেষে আদালত হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।