মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবারের এই হামলায় নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে সেন্টকম জানিয়েছে, যদিও লক্ষ্যবস্তুর অবস্থান প্রকাশ করা হয়নি।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরানের নির্দেশে পরিচালিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রসদ ও অস্ত্রের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে মার্কিন বাহিনী দাবি করেছে।
মঙ্গলবার সৌদি আরব জানায়, দেশের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা ড্রোন তাদের সামরিক বাহিনী ভূপাতিত করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ইরাকে অবস্থানরত ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের দায়ী করেন। তেহরান এখনো এ বিষয়ে মন্তব্য করেনি; হামলা-পাল্টা হামলায় আলোচনায় ফেরার লক্ষ্যে থাকা সাময়িক বিরতিও শেষ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।