Web Analytics

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেশি দাম না দিলে সার পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয় এবং সমপরিমাণ সারের নিরাপত্তা মজুদ থাকে। তাই দেশে সার সংকট হওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে সারের দাম বাড়িয়ে রাখার চেষ্টা করছে। কিছু খুচরা বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করলেও অতিরিক্ত টাকা দিলে তারাই সার সরবরাহ করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পাট ও পেঁয়াজের বীজ ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি এড়াতে সরকার কাজ করছে। প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ এবং ভবিষ্যতে রপ্তানির সক্ষমতা তৈরিই সরকারের লক্ষ্য। কাঁচামরিচ, আদা ও রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কাজও চলছে বলে জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।