জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথের গ্যাল-৭-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আলোচিত হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই পক্ষ মতবিনিময় করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।