রাজশাহী টেনিস কমপ্লেক্সে ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদান এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ নয় দেশের শতাধিক জুনিয়র খেলোয়াড় এতে অংশ নেবেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন ও যুক্তরাষ্ট্র। বালকদের মধ্যে আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিংয়ে ১০৫১তম থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল শীর্ষে রয়েছেন। বালিকাদের মধ্যে ২০৪৫তম র্যাংকিংধারী ভারতের শেষ শাজফা সর্বোচ্চ অবস্থানে আছেন।
বালক ও বালিকা এককের মূল ড্রয়ে ৩২ জন করে খেলোয়াড় খেলবেন; কোয়ালিফাইং থেকে চারজন এবং ওয়াইল্ড কার্ডে চারজন সুযোগ পাবেন। কোয়ালিফাইং ৪ অক্টোবর শেষ হবে এবং ৫ অক্টোবর সকাল ৯টায় মূল ড্রয়ের খেলা শুরু হবে। ১০ অক্টোবর সকাল ৯টায় ফাইনাল ও পুরস্কার বিতরণ হবে। দর্শকদের জন্য প্রবেশ ফি নেই এবং শিক্ষার্থীদের খেলা দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।