দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের গোপন কোনো ছেলে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গত বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। এনআইএসের সর্বশেষ মূল্যায়নে কিমের মেয়ে কিম জু এ–কেই তাঁর পর উত্তর কোরিয়ার নেতৃত্বে আসার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি বলা হয়েছে। কিম ২০১১ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসেন এবং কিম জু এ–এর বয়স এখন প্রায় ১৩ বছর বলে ধারণা করা হয়।
কিম জু এ–এর কোনো বড় ভাই আছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে এনআইএস। কিমের ছেলেসন্তান থাকলেও সে উত্তরসূরি হওয়ার অবস্থানে নাও থাকতে পারে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। কিমের আরেকটি ছোট সন্তান রয়েছে, তবে সে ছেলে না মেয়ে তা নিশ্চিত নয়। ২০২৩ সালে এক দক্ষিণ কোরীয় আইনপ্রণেতা বলেছিলেন, এনআইএস সংসদীয় কমিটিকে কিম জু এ–এর বড় ভাই থাকার কথা জানিয়েছিল; পরে সংস্থাটি বলে, এমন প্রতিবেদন যাচাই করা হচ্ছে।
বিষয়টি উত্তর কোরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কারণ দেশটির রাজনৈতিক ব্যবস্থায় পুরুষতান্ত্রিকতার প্রভাব রয়েছে। ১৯৪৮ সালে দেশ প্রতিষ্ঠার পর কিম পরিবারের তিনজন পুরুষ সদস্য দেশটির নেতৃত্ব দিয়েছেন। এ কারণে কিছু বিশেষজ্ঞ সন্দেহ করেন, শীর্ষ কর্মকর্তারা সহজে একজন নারী নেতাকে মেনে নেবেন কি না। কিম জু এ ক্ষমতায় গেলেও ভবিষ্যতে কিম পরিবারের হাতে ক্ষমতা থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।