চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার, ৭ আগস্ট সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলের সময় তাদের আটক করা হয়। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য জানায় ৫৮ বিজিবি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে নারীদের আটক করা হয়। তারা বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বাহিনীটি জানিয়েছে। সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার পরিদর্শক সোলায়মান সেখ বলেন, বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে এবং আটজনকে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।