আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধের বিচারে স্বচ্ছতা এবং দণ্ড নির্ধারণে যৌক্তিকতা নিশ্চিত করতে আইন কমিশন ‘ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ২৬ জুলাই রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে প্রস্তাবিত আইনের সুপারিশকৃত খসড়া বিল নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
তিনি বলেন, সমাজে আইনের শাসন, শৃঙ্খলা ও বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বগুলোর একটি। অপরাধের ধরন, প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় দণ্ড নির্ধারণে সুস্পষ্ট নীতি ও পদ্ধতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য নতুন আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হচ্ছে।
আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানির সঞ্চালনায় সেমিনারে বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও অন্য অংশীজনরা অংশ নেন। তাঁরা খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে উন্নয়ন ও কার্যকারিতা বাড়ানোর সুপারিশ দেন। মতামত পর্যালোচনা করে খসড়ায় সংশোধন আনা হবে, পরে তা সরকারের কাছে উপস্থাপন এবং জাতীয় সংসদে বিল হিসেবে উত্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।