কুমিল্লায় অপ্রতিমের মা-বাবাকে অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, অশোভন আচরণ ও সাইবার বুলিংয়ের অভিযোগে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। গতকাল রাতে করা এই জিডিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে।
নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, লাগাতার বেনামি ফোনকল ও অনলাইন অপপ্রচারে অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। অব্যাহত কলের কারণে তিনি নিজের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে পরিবার জানিয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারকে বিরক্ত ও হুমকি দেওয়া এবং সাইবার বুলিংয়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফিরোজ শাহরিয়ার অভিযোগ করেন, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে এবং ব্যক্তিগত নম্বরে কুরুচিপূর্ণ কথা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।