চট্টগ্রামে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখা থেকে ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের মামলায় পাঁচ সাবেক কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৪৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসপিও মো. সাঈদ হোসেন। একই মামলায় নুরুল হুদাকে খালাস দেওয়া হয়েছে এবং আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত সময়ে কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে যোগসাজশে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ২০০০ সালের ৬ এপ্রিল মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০১৩ সালে বিচার শুরু হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।