Web Analytics

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি পূর্ণাঙ্গ তদন্ত, নিহতদের লাশ দেশে ফেরত, পরিবারকে ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি করেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে এইচআরএসএস বলেছে, গত তিন বছরে রাশিয়ার যুদ্ধে অন্তত ৫৪ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। কর্মসংস্থানের নামে প্রতারণা করে কাউকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত বলে সংগঠনটি উল্লেখ করেছে।

এইচআরএসএসের মতে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। সংগঠনটি নিয়োগকারী ও দালালদের দায় নির্ধারণে নিরপেক্ষ, সময়সীমাবদ্ধ তদন্ত; নিখোঁজদের সন্ধান ও লাশ ফেরাতে জরুরি কূটনৈতিক উদ্যোগ; এবং পরিবারকে ক্ষতিপূরণ, বিমা ও পুনর্বাসন সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে। মানবপাচারকারীদের বিচার, কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি এবং অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থাও চাওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।