চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১২৯ জনে এবং বহিষ্কৃত হয়েছে ৪৮ জন। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আগের দুই দিনের তুলনায় অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা বেড়েছে। দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন এবং বহিষ্কৃত ১৭ জন, প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৪ হাজার ৭৮৪ জন ও বহিষ্কৃত ৭ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত তথ্যে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জনের মধ্যে ২৫ হাজার ৩৪ জন অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা বোর্ডে ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিভিন্ন বোর্ডে মোট ৪৮ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
এ বছর ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে। প্রশ্নফাঁস রোধে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।