জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ১৭ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।
১৮ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরে শুনানি করেন। শুনানিতে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনানো হয় এবং জুলাই-আগস্টে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচণার অভিযোগ আনা হয়। আসামিদের পক্ষে আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান অভিযোগ অস্বীকার করে প্রমাণের অভাবে অব্যাহতি চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২২ জানুয়ারি আদেশ দেয়।
অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। ৮ জানুয়ারি আত্মসমর্পণের দিন নির্ধারিত থাকলেও কেউ হাজির হননি, ফলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।