প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবেন। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এনসিপির সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, বিভিন্ন জেলায় সফরের সময় এনসিপির নেতা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। তাঁর মতে, এ ধরনের বক্তব্য ঝিনাইদহের মানুষ মেনে নেবে না এবং নাসীরুদ্দীনের সঙ্গে উস্কানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।
রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের রাজনীতি করলে সহযোগিতা করা হবে, তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে এমন বক্তব্য দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তিনি বলেন, আইনমন্ত্রী আসাদুজ্জামান ঝিনাইদহের সব উপজেলার সমান উন্নয়নে কাজ করছেন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।