অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরন এলাকায় ২০ আগস্ট ২০২৬ ভোররাতে এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সশস্ত্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। বাড়ির মালিক মোহাম্মদ আল-নাওয়াজা ওয়াফা বার্তা সংস্থাকে বলেন, পাঁচজন সশস্ত্র ও মুখোশধারী বসতি স্থাপনকারী বাড়িটিতে হামলা চালায়।
আল-নাওয়াজার ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের একজন জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে দেয়, এতে আগুন ধরে যায়। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকটবর্তী অবৈধ ইসরাইলি বসতি ওতনিয়েল থেকে আসা বসতি স্থাপনকারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
এদিকে, পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসের কুসরা গ্রামে কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে বসতি স্থাপনকারীদের অবরোধ ১২তম দিনে পৌঁছেছে। গ্রাম পরিষদের চেয়ারম্যান আবদুল আজিম ওয়াদি বলেন, তিনটি বাড়ি এখনো অবরুদ্ধ এবং বাসিন্দারা ঢুকতে বা বের হতে পারছেন না। তিনি অভিযোগ করেন, ইসরাইলি সেনারা বসতি স্থাপনকারীদের সুরক্ষা দিচ্ছে এবং একটি বাড়িকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ওয়াফা জানিয়েছে, অবরুদ্ধ পরিবারগুলো খাদ্য ও ওষুধের সংকটে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।