Web Analytics

পাকিস্তান বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উঠে আসে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে স্বাস্থ্য খাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ এবং স্বাস্থ্যপেশাজীবীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষ সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।

হাইকমিশনার দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব মন্ত্রীকে জানান। পাকিস্তানের গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে। পৃথক বৈঠকে হাইকমিশনার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।