রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনের ওপর সশস্ত্র হামলার ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার বিকেলে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। র্যাব জানায়, হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার দখল নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় এবং ভাড়াটে সন্ত্রাসীদের মাত্র বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছিল।
মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সাজ্জাদ ওরফে বদি, সালাউদ্দিন ও আরিফুজ্জামান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘রুবেলের ইএমই ট্রেডার্স’ ও ‘মোনায়েম গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিনের টেন্ডার বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। বর্তমানে মালয়েশিয়ায় থাকা রুবেল নামের এক ব্যক্তি হামলার পরিকল্পনা করেন এবং স্থানীয় সহযোগীদের মাধ্যমে তা বাস্তবায়ন করান।
র্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।