ইরান ‘সব বোমার জনক’ নামে একটি নতুন অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেবি। বুধবার তিনি বলেন, অস্ত্রটি ইরানের শত্রুপক্ষের জন্য সম্পূর্ণ নতুন একটি বিষয় হবে। তবে অস্ত্রটির ধরন, সক্ষমতা বা ধ্বংসক্ষমতা সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
এ বক্তব্যের আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত দেন। ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বোমাটির ওজন প্রায় ৯ হাজার ৮০০ কেজি এবং এটি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অ-পারমাণবিক প্রচলিত বোমাগুলোর একটি। ২০১৭ সালের এপ্রিলে আফগানিস্তানে আইএসের একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক লক্ষ্য করে এটি প্রথম ব্যবহার করা হয়।
মোহেবি আরও দাবি করেন, ২০২৫ সালের জুনে ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র মজুত দেড় গুণ বেড়েছে, যদিও তিনি কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান দেননি। তাঁর মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লা, ধ্বংসক্ষমতা ও নির্ভুলতা বেড়েছে এবং ইরান অসম যুদ্ধকৌশলভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতার দিকে এগোচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।