পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নিখোঁজের জিডি হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ২ হাজার ৩৮ জন এখনো উদ্ধার হয়নি, যা মোট সংখ্যার ১৩ শতাংশ। গত জানুয়ারি থেকে জুলাইয়ে দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়।
পুলিশ বলেছে, গণমাধ্যমের প্রকাশিত খবরে কতজন শিশু উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরেছে, সে তথ্য না থাকায় পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি এবং জনমনে বিভ্রান্তির আশঙ্কা ছিল। সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাইয়ে দেখা গেছে, শূন্য থেকে নয় বছর বয়সী ৪৭৪ নিখোঁজ শিশুর মধ্যে ৪০৬ জন উদ্ধার হয়েছে, ৬৮ জন হয়নি। ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ জনের মধ্যে উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন এবং উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০ জন।
বিবৃতিতে বলা হয়েছে, ছোট শিশুরা অপরিচিত স্থানে পথ ভুলে বা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে গিয়ে নিখোঁজ হয়। বড়দের ক্ষেত্রে অভিমান, পড়ালেখার চাপ, পারিবারিক কলহ, বন্ধুদের প্রভাবসহ নানা কারণ উল্লেখ করেছে পুলিশ। অনলাইন জিডি চালুর ফলে জিডির সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি নিখোঁজের জিডি হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।