পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান। মঙ্গলবার তিনি ইমরানের স্ত্রী বুশরা বিবির বরাত দিয়ে এ তথ্য জানান। গত সপ্তাহে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ইমরানের চোখে অস্ত্রোপচার হয়, যখন তিনি তীব্র ব্যথা অনুভব করেন। চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী, চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি ছিল।
গোহর খান জানান, পরিবারের সদস্যদের জেলে সাক্ষাতের অনুমতি মেলার পর এই তথ্য প্রকাশ করা হয়। সাক্ষাতে কেবল বুশরা বিবি উপস্থিত ছিলেন এবং কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, জেলে রাজনৈতিক আলোচনার ওপর কোনো লিখিত নিষেধাজ্ঞা নেই, তাই সব দলের জন্য সমান আইন প্রযোজ্য হওয়া উচিত।
গোহর খান পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং বলেন, জেল সাক্ষাৎকে রাজনীতিকরণ করা উচিত নয়। ইমরান খান তার দল ও আইনজীবীদের জন্য একটি বার্তাও পাঠিয়েছেন, যা গোহর খান পৌঁছে দেবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।