প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবারের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ফেনী সফর। মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন; অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধনের পর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার ১ হাজার ৭৭৮ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, ভার্চুয়াল সংযোগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও রাখা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।