কক্সবাজারের পেকুয়ায় কুতুবদিয়াগামী ডেনিস বোটে ওঠার সময় সাগরে পড়ে নিখোঁজ শামীমের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মগনামা-কুতুবদিয়া চ্যানেল থেকে তাঁর লাশ উদ্ধার হয়। শামীমের বয়স ৩০ বছর। তিনি ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মসলেম উদ্দিনের ছেলে এবং চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
শনিবার বিকেল আড়াইটার দিকে মগনামা ইউনিয়নের মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার প্রস্তুতির সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান শামীম। প্রত্যক্ষদর্শী নবী হোছাইন জানান, তিনি মুহূর্তের মধ্যে স্রোতে তলিয়ে যান। স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও দীর্ঘ চেষ্টায় তাঁর সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে নৌবাহিনীর একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয় এবং শনিবার রাতে প্রায় চার ঘণ্টা খোঁজ চালায়। কোস্ট গার্ডের একটি দলও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। পেকুয়ার ইউএনও রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ওসি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।