জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওষুধের মজুদে অনিয়ম ও গরমিলের অভিযোগে স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. নুর-এ-কামালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রথম আদেশে বলা হয়, মেডিকেল সেন্টারের উপদেষ্টা কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ও অন্যান্য সুবিধা পাবেন। অপর আদেশে জানানো হয়, ওষুধ মজুদে গরমিলের কারণ উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং সচিব রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. আলাউদ্দিন মোল্লা। অন্য সদস্যরা হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।