Web Analytics

ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক-শ্রমিকেরা। সোমবার বেলা ৩টা থেকে বন্দরের গেট দিয়ে কনটেইনারবাহী ট্রেইলার ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে বন্দরের ভেতর থেকে আমদানি পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের ভাষ্য, গেট পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। প্রতিবাদে শ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ করে চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। প্রাইম মুভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, নির্ধারিত গেট পাস ফি ৫৭ টাকা হলেও কোনো কোনো ক্ষেত্রে ৮০ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে।

আবুল খায়ের জানান, বন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করে সমাধানের প্রস্তাব দেয়। পরে চার নম্বর গেটে আরেকটি পক্ষ তাদের দিকে তেড়ে আসায় নিরাপত্তার কারণে পরিবহন বন্ধ রাখা হয় বলে তিনি দাবি করেন। সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কনটেইনার ডেলিভারি স্বাভাবিক হয়নি। বন্দরসংশ্লিষ্টদের মতে, প্রতিদিন অন্তত পাঁচ হাজার একক কনটেইনার ডেলিভারি হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।