দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।
লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মু. গোলাম ফারুক বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দেশে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট বেড়েছে বলে তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে সিএনজিচালিত পরিবহন খাতে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার ক্ষতি এবং প্রায় ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে।
দাবিগুলোর মধ্যে অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ বন্ধ, পৃথক গ্যাস লাইন স্থাপন, বৈধ সিএনজিচালিত যানবাহনে বরাদ্দ গ্যাস নিশ্চিত এবং নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা রয়েছে। পরিষদ ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত ও মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।