ইসরাইলি বাহিনী জেরুজালেমে আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, সোমবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে কোনো কারণ না জানিয়ে তাকে আটক করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলি পদক্ষেপ আরও কঠোর হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ, প্রবেশ সীমিত করা এবং ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের তৎপরতা বেড়েছে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ইসরাইলি কর্তৃপক্ষ শেখ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, যা প্রয়োজনে নবায়ন করা হতে পারে।
আটকের আগে শেখ আল-আব্বাসি জানান, নিষেধাজ্ঞার কারণ তাকে জানানো হয়নি। গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর দায়িত্বে ফেরার পর এমন সিদ্ধান্ত তাকে গভীরভাবে ব্যথিত করেছে। রমজান উপলক্ষে লাখো মুসল্লির সমাবেশের প্রস্তুতির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।