কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরের এক শিশুকে অপহরণ, হাত বেঁধে ছুরি দেখিয়ে ভয় দেখানোর ঘটনায় জকরিয়া নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ২৯ জুলাই রাতে ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার জকরিয়া ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২৭ জুলাই ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে শিশুটির হাত বাঁধা এবং সামনে ছুরি ধরে ভয় দেখানোর ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে শিশুটির আতঙ্কিত চিৎকার শোনা যায়। ময়নারঘোনা পুলিশ ক্যাম্প বিষয়টি নজরে নিয়ে তথ্য সংগ্রহ করে এবং হেডমাঝির মাধ্যমে শিশুটিকে ক্যাম্প-১১-এর বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছেলে রহমত আলী হিসেবে শনাক্ত করে।
পুলিশের তথ্যমতে, ২২ জুলাই রহমত আলী অপহৃত হয় এবং তার পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ২৬ জুলাই মুক্তিপণ দেওয়ার পর পরিবার শিশুটিকে ফিরে পায়, তবে হুমকির কারণে তারা আগে আইনি পদক্ষেপ নেয়নি। গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প-১৮-এর একটি চায়ের দোকান থেকে রাত সাড়ে ১০টায় জকরিয়াকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর ও সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।