খুলনায় তাঁতী দলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সোনামিয়া (৩৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনামিয়া ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম জব্বার সরদার। বিষয়টি খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোনামিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তিনি পাশের একটি বাসায় আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা সেখানে গিয়েও তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের মধ্যে দুজন মুখে মাস্ক এবং একজন হেলমেট পরা ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ এখনো হামলাকারীদের পরিচয় বা হত্যার কারণ জানাতে পারেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।