জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের গ্র্যান্ডপ্রিন্স কনভেনশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় নাগরিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। সংসদ সদস্যরা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।