সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর একটি প্রাইভেটকার মাইক্রোবাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত চালকের পরিচয় এখনো জানা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।